উখিয়ার সোনারপাড়া দাখিল মাদ্রাসার শিক্ষক জাহাঙ্গীর আলমের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
By -
সেপ্টেম্বর ১৫, ২০২৬
নিজস্ব প্রতিনিধি ::
কক্সবাজারের উখিয়া উপজেলার সোনারপাড়া দাখিল মাদ্রাসার শিক্ষক জাহাঙ্গীর আলমের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা। এ সময় হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় সোনারপাড়া বাজারে সোনারপাড়া দাখিল মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সোনাইছড়ির ইউসুফ জালাল গং শিক্ষক জাহাঙ্গীর আলমের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে বলে দাবি করেন তারা।
বক্তারা বলেন, একজন শিক্ষককে প্রকাশ্যে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি। শিক্ষকের ওপর হামলার মতো ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করেন, এলাকায় মাদক ও মানবপাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ভূমিকা প্রয়োজন। তারা অভিযোগে উত্থাপিত ইউসুফ জালাল গংকে দ্রুত গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানান।
বক্তারা আরও বলেন, শিক্ষক জাহাঙ্গীর আলমের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক ও সর্বস্তরের ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হতে পারে।
মানববন্ধনে বক্তব্য দেন মাদ্রাসার সাবেক শিক্ষার্থী হাফেজ মাওলানা রফিকুল্লাহ, মাওলানা মকছুদ উল্লাহ, মাওলানা আবুল বশর, মাওলানা জামাল আহমদ, সমাজসেবক মাওলানা হারুনুর রশিদ, মাদ্রাসার সহ-সুপার মাওলানা মোহাম্মদ ছৈয়দ আলম সিরাজী ও সুপার মাওলানা মোহাম্মদ শিবলী নোমান।
মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা রাহামত উল্লাহর পরিচালনা ও সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান ও বক্তব্যের মাধ্যমে হামলার প্রতিবাদ জানান।
এ সময় বক্তারা শিক্ষক জাহাঙ্গীর আলমের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
তবে হামলার অভিযোগের বিষয়ে অভিযুক্ত ইউসুফ জালাল গংয়ের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযুক্ত করা হবে।

