মাদকের বিরুদ্ধে কথা বলায় সাঈদির ওপর হামলার অভিযোগ, গরুর রশি কোমরে বেঁধে নির্যাতন ও চুল-দাড়ি কেটে দেওয়ার দাবি
By -
সেপ্টেম্বর ১৫, ২০২৬
আর.জে রাফি, উখিয়া ::
মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে কক্সবাজারের উখিয়ায় সাঈদি নামে এক ব্যক্তির ওপর হামলা ও নির্যাতনের অভিযোগ উঠেছে। হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের ওপর হামলার বিস্তারিত বর্ণনা দিয়েছেন সাঈদি। এ ঘটনায় ছাত্রশিবির, জামায়াতে ইসলামী ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। পরে হামলায় জড়িতদের বিরুদ্ধে উখিয়া থানায় এজাহার দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
সাঈদির দেওয়া বক্তব্য অনুযায়ী, গতকাল বিকেল ৫টা ২০ মিনিটের দিকে আসরের নামাজ আদায় করে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় যাওয়ার সময় পেছন থেকে একজন তাকে ধরে রাখেন। এ সময় অপর একজন হাতুড়ি দিয়ে তার মাথায় এবং আরেকজন তলপেটে আঘাত করেন বলে দাবি করেন তিনি।
সাঈদির ভাষ্য, প্রথমে তিনজন তাকে রাস্তা থেকে ধরে টেনে একটি বাড়িতে নিয়ে যান। সেখানে যাওয়ার পর আরও কয়েকজন তাদের সঙ্গে যোগ দেন। একপর্যায়ে সাত থেকে আটজন ব্যক্তি তাকে দফায় দফায় হাতুড়ি ও গাছ দিয়ে মারধর করেন বলে অভিযোগ করেন তিনি।
হামলাকারীরা বারবার তাকে ‘চাকরি এবার ফিরিয়ে দে’ বলে হুমকি ও চাপ দিচ্ছিলেন বলেও দাবি করেন সাঈদি। তার দাবি, তিনি প্রকাশ্যে ও সার্বজনীনভাবে মাদকের বিরুদ্ধে কথা বলেছেন। কোনো নির্দিষ্ট ব্যক্তি বা কারও নাম উল্লেখ করে তিনি বক্তব্য দেননি। তবে হামলাকারীদের অভিযোগ ছিল, তিনি তাদের মেয়ের জামাইয়ের এপিবিএনের চাকরি ‘খেয়ে দিয়েছেন’।
প্রায় ৫০ মিনিট ধরে তাকে মারধর করা হয়েছে বলেও দাবি করেন সাঈদি। একপর্যায়ে তার বৃদ্ধ বাবা ঘটনাস্থলে উপস্থিত হলে তাকেও হামলার শিকার হতে হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
সাঈদির বর্ণনা অনুযায়ী, ঘটনার একপর্যায়ে বাড়ির এক নারী একটি গরু এনে গরুটির রশি তার কোমরে বেঁধে দেন। এরপর গরুটিকে ডানে-বামে টানতে থাকলে তিনি নিজের জীবন নিয়ে শঙ্কিত হয়ে পড়েন বলে জানান। ওই নারী অন্যদের উদ্দেশে ‘ভিডিও কর, গরু চোর বলে ফেসবুকে ছেড়ে দে’—এমন কথা বলেছেন বলেও দাবি করেন তিনি।
এরপর হামলাকারীরা তার মাথার চুল ও দাড়ি কেটে দেন বলে অভিযোগ করেন সাঈদি। পরে হামলাকারীরা আবার মারধরের জন্য গাছ আনতে গেলে কোনোভাবে রশি খুলে সেখান থেকে পালিয়ে তার চাচার কাছে আশ্রয় নেন বলে জানান তিনি। তবে সেখানেও দুজন তাকে হামলা করেন বলে অভিযোগ করেছেন সাঈদি।
সাঈদির দাবি, পুরো ঘটনার সময় হামলাকারীদের বক্তব্য ছিল—মাদকের বিরুদ্ধে কথা বললেই তিনি তাদের বিরুদ্ধে কথা বলছেন। এ কারণে তাকে ভয়ভীতি দেখানো ও মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যের শেষাংশে সাঈদি তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান। পাশাপাশি সুস্থ হয়ে ফিরে আবারও মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে অবস্থান গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে জীবন দিতে হলেও তিনি পিছপা হবেন না বলেও জানান।
এদিকে, সাঈদির ওপর হামলার অভিযোগ ছড়িয়ে পড়ার পর তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রশিবির, জামায়াতে ইসলামী ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বিক্ষোভকারীরা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
পরে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উখিয়া থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে বলে জানা গেছে। এজাহারে আটজনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও চার থেকে পাঁচজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ বিষয়ে উখিয়া থানা পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
তবে সাঈদির অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা, হামলার প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের পরই বিস্তারিত তথ্য নিশ্চিত হওয়া যাবে।

