উখিয়া উপজেলা প্রেসক্লাবের নির্বাচনের ঘোষণা
By -
সেপ্টেম্বর ১১, ২০২৬
জাহেদ আলম, নিজস্ব প্রতিবেদক ::
দীর্ঘদিন ধরে আহ্বায়ক কমিটির মাধ্যমে চলা উপজেলা প্রেসক্লাব উখিয়া-এর সাংগঠনিক কার্যক্রমে গতি আনতে শিগগিরই নির্বাচন আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে।
সংগঠনের সদস্য সচিব জাহেদ আলম (শাহজাদা জাহেদ) জানান, সাময়িক পরিস্থিতিতে সংগঠনকে সচল রাখতে আহ্বায়ক কমিটি গঠন করা হলেও নির্ধারিত সময়ের চেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করতে হয়েছে। এ সময়ে কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে তা সংশোধনের সুযোগ দেওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, সংগঠনকে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক ধারায় এগিয়ে নিতে অতি শিগগিরই একটি নির্বাচন কমিশন গঠন করা হবে। যারা সক্রিয়ভাবে সাংগঠনিক কার্যক্রমে সময় দিতে পারবেন, তাদের অংশগ্রহণে নির্বাচন সম্পন্ন করে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
সদস্য সচিব আরও বলেন, ইনশাআল্লাহ আগামী এক সপ্তাহের মধ্যে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। এ ক্ষেত্রে সকল সদস্যের সহযোগিতা, পরামর্শ ও আন্তরিক অংশগ্রহণ কামনা করা হয়েছে।
তিনি স্পষ্ট করে বলেন, কাউকে বাদ দেওয়া বা অবমূল্যায়ন করার কোনো উদ্দেশ্য নেই। বরং সকলের সম্মান ও মর্যাদা অক্ষুণ্ন রেখে উপজেলা প্রেসক্লাব উখিয়াকে ঐক্যবদ্ধ, শক্তিশালী ও গতিশীল সংগঠন হিসেবে এগিয়ে নেওয়াই মূল লক্ষ্য।

