সমীর রুদ্র- উখিয়া ::
আজ ২২ আগস্ট উখিয়া উপজেলা চত্বরে এই সমাবেশের আয়োজন করা হয়।‘উখিয়া উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত করতে আমরা বদ্ধ পরিকর’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উখিয়া উপজেলা প্রশাসন ও বাল্যবিবাহ প্রতিরোধ সংক্রান্ত সমাবেশ উদযাপন কমিটি যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য জনাব শাহজাহান চৌধুরী।
উখিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব পান্না আক্তারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব সরওয়ার জাহান চৌধুরী এবং ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজারের উপ-পরিচালক জনাব মোঃ সরওয়ার আকবর।
সমাবেশে বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক অপরাধ। এটি সমাজ ও রাষ্ট্র গঠনের সবচেয়ে বড় অন্তরায়।
উখিয়া উপজেলাকে সম্পূর্ণভাবে বাল্যবিবাহ মুক্ত করতে প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ এবং সাধারণ জনগণকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
অনুষ্ঠানে স্থানীয় সংবাদকর্মী, বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য এবং উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমাবেশ থেকে উখিয়াকে বাল্যবিবাহের অভিশাপ থেকে মুক্ত করতে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।

