উখিয়া-টেকনাফ সড়কে অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

Ukhiyacox News
By -


 

আর.জে রাফি, কক্সবাজার ::

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের চলাচল বেড়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, নির্ধারিত সীমার চেয়ে বেশি বাঁশ নিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করায় প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কায় রয়েছেন পথচারী ও অন্যান্য যানবাহনের চালকরা।

২০১৮ সালে উখিয়ার কাস্টম ঘাট এলাকায় অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাক উল্টে বাঁশের নিচে চাপা পড়ে চারজন নিহত ও অন্তত ২০ জন আহত হন। ২০১৯ সালেও বালুখালী পানবাজার এলাকায় একই ধরনের একটি ট্রাক উল্টে যানজট সৃষ্টি হয়। সম্প্রতি ১৯ আগস্টও অতিরিক্ত বাঁশবোঝাই একটি ট্রাকের কারণে একটি ব্যক্তিগত গাড়ি অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পায়।

স্থানীয়দের অভিযোগ, একটি বাঁশ সিন্ডিকেট দীর্ঘদিন ধরে অতিরিক্ত বাঁশ পরিবহন করছে। পাশাপাশি উখিয়া স্টেশন থেকে পালংখালী পর্যন্ত সরকারি ও বন বিভাগের জায়গা দখল করে অন্তত ১০টি বাঁশ মজুতের পয়েন্ট তৈরির অভিযোগও রয়েছে।

শাহপরী হাইওয়ে থানার ওসি আদিল আকবর জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মৌখিক নির্দেশনার কারণে আপাতত ফোর-হুইলার যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া যাচ্ছে না।

স্থানীয়দের দাবি, অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও বাঁশ মজুতের পয়েন্টগুলো তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। অন্যথায় বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কা রয়েছে।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !