বদলির পরও উখিয়া থানায় বহাল এসআই কামরুল, মামলা বাণিজ্যসহ নানা অভিযোগ

Ukhiyacox News
By -


 
মাহবুব আহমদ শাকিল, উখিয়া 

কক্সবাজারের উখিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুল হাসানকে ঘিরে উঠেছে একের পর এক গুরুতর অভিযোগ। বদলির আদেশ জারির পরও তিনি কীভাবে এখনও উখিয়া থানায় দায়িত্ব পালন করছেন—এ প্রশ্নের পাশাপাশি তাঁর বিরুদ্ধে মামলা বাণিজ্য, তদন্তে অনিয়ম, অর্থ দাবি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ নিয়ে উপজেলাজুড়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

এছাড়াও একটি মামলা এন্ট্রি করতে তিনি ৩০ হাজার টাকা করে নেন বলেও দাবি করেছেন হাকিম নামে এক দালাল।
এসআই কামরুল হাসানের বদলির আদেশ গত ২০ মে ২০২৬ তারিখে লক্ষ্মীপুরে জারি হলেও তিনি অজ্ঞাত কারণে এখনও উখিয়া থানায় বহাল রয়েছেন। কেন তিনি এখনো বর্তমান কর্মস্থলে রয়েছেন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে স্পষ্ট কোনো ব্যাখ্যা মেলেনি।

গত মাসে হলদিয়ায় ৪০ হাজার ইয়াবা নিয়ে পালিয়ে যান আপেল নামের এক কারবারী, সেই ইয়াবা কারবারী পলাতক আপেলকে বাঁচাতে অপহরণের গল্প সাজিয়ে ১ লাখ টাকার বিনিময়ে একটি মিথ্যা মামলাও রেকর্ড করার ভয়াবহ অভিযোগ করেছে ভুক্তভোগী।

স্থানীয় একাধিক সূত্রের অভিযোগ, কোরবানির ঈদের আগের রাতে একটি মামলার আসামির বাড়িতে গিয়ে ভাঙচুরের হুমকি ও অর্থ দাবি করেন। এছাড়া কোরবানির আয়োজনের জন্য একজন ইয়াবা কারবারিকে ফোন করে ৫ লাখ টাকা দাবি করার অভিযোগও রয়েছে। একইভাবে রোহিঙ্গা ক্যাম্পে একটি মামলা তদন্তে গিয়ে মামলায় সহযোগিতার বিনিময়ে এক নারীকে হয়রানির অভিযোগও উঠেছে। 

অভিযোগ রয়েছে, তিনি অর্থের বিনিময়ে মামলার তদন্ত গ্রহণ ও পরিচালনা করতেন এবং যথাযথ তদন্ত ছাড়াই কিছু মামলার কার্যক্রম এগিয়ে নিতেন। আরও অভিযোগ করা হয়েছে, একটি ইয়াবা-সংক্রান্ত মামলায় পলাতক আসামিকে সুবিধা দেওয়ার বিনিময়ে অর্থ লেনদেন হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

অভিযোগকারীদের আরও দাবি, এসআই কামরুল হাসান বিভিন্ন সময়ে তাঁর পরিচিতদের কাছে বলেছেন, বিপুল অঙ্কের অর্থ ব্যয় করে তিনি নিজের বদলি কার্যকর হওয়া ঠেকিয়েছেন।

এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে এসআই মো. কামরুল হাসান বলেন, "ভাই, আপনি যখন আমার সম্পর্কে এত তথ্য জানেন, তাহলে আপনি আপনার কাজ করেন, আমি আমার কাজ করি।"

এ বিষয়ে উখিয়া থানার নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, "আমি বিষয়টি সম্পর্কে সবেমাত্র অবগত হয়েছি। তদন্ত করলে আসল ঘটনা জানা যাবে এবং তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।"

উখিয়া সার্কেল এসপি উখিয়া রাকিবুল হাসান বলেন, অভিযোগ পেয়েছি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখব"

উখিয়ার সচেতন মহল বিষয়টি নিয়ে কক্সবাজার জেলা পুলিশ ও পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। অভিযোগগুলো সত্য প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনগত ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানিয়েছেন তারা।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !