আর.জে রাফি, (নিজস্ব প্রতিবেদক)
উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পশ্চিম রত্না ও পূর্ব পাইন্যাশিয়া এলাকার হাজারো মানুষের একমাত্র ভরসার সেতুটি দীর্ঘদিন ধরে নির্মাণাধীন অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে সাম্প্রতিক টানা বৃষ্টিপাতের কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সরকার পরিবর্তনের আগে সেতুটির নির্মাণকাজ চলমান ছিল। ইতোমধ্যে সেতুর কয়েকটি পিলার নির্মাণ করা হলেও গত বছরের ৫ আগস্টের পর থেকে কাজ পুরোপুরি বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় অতিবাহিত হলেও নির্মাণকাজ পুনরায় শুরু হয়নি। ফলে সেতুটি বর্তমানে প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে।
সেতুর কাজ বন্ধ থাকায় স্থানীয়রা বাধ্য হয়ে একটি ঝুঁকিপূর্ণ অস্থায়ী কাঠের সেতু ব্যবহার করছেন। প্রতিদিন প্রায় ৪ থেকে ৫ হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এ সেতু দিয়ে যাতায়াত করেন। স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজবী, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, বর্ষা মৌসুমে বৃষ্টির পানি বেড়ে গেলে অস্থায়ী সেতুটি অনেক সময় পানির নিচে তলিয়ে যায়। এতে পারাপার আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে এবং যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে।
এই সেতুর মাধ্যমে পূর্ব পাইন্যাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম রত্না সরকারি প্রাথমিক বিদ্যালয়, শান্তি নিকেতন বৌদ্ধ বিহারসহ বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে যাতায়াত করেন স্থানীয়রা। এছাড়া কোটবাজার বাজার ও কোটবাজার স্টেশনে যাতায়াতের ক্ষেত্রেও এটি একটি গুরুত্বপূর্ণ সংযোগ মাধ্যম।
স্থানীয়রা দ্রুত সেতুর নির্মাণকাজ পুনরায় শুরু করে সম্পন্ন করার দাবি জানিয়েছেন। তাদের মতে, সেতুটি নির্মাণ শেষ হলে কয়েক হাজার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে এবং নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হবে।
এ বিষয়ে উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরীর সঙ্গে কথা হলে তিনি জানান, সেতুটির নির্মাণকাজ বন্ধ থাকায় এলাকার মানুষের দুর্ভোগের বিষয়টি তিনি অবগত রয়েছেন। তিনি বলেন, “এটি আমার এলাকার গুরুত্বপূর্ণ একটি সড়ক। আমি ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করছি। দ্রুত সময়ের মধ্যে নির্মাণকাজ পুনরায় শুরু হবে বলে আশা করছি। সেতুর কাজ সম্পন্ন হলে স্থানীয় মানুষের দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে।”
পশ্চিম রত্না ও পূর্ব পাইন্যাশিয়ার মানুষের একটাই প্রশ্ন—দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কবে শেষ হবে সেতুর নির্মাণকাজ, আর কবে মিলবে নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াতের নিশ্চয়তা?

