রাজাপালং ভেঙে ‘উয়ালাপালং’ নামে নতুন ইউনিয়ন গঠনের উদ্যোগ, ১৯ জুলাই গণশুনানি

Ukhiyacox News
By -


 

উখিয়া প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে প্রশাসন। এ বিষয়ে স্থানীয় জনমত গ্রহণের লক্ষ্যে আগামী ১৯ জুলাই ২০২৬ (রবিবার) বিকেল ৩টায় উখিয়া উপজেলা পরিষদ হলরুমে একটি গণশুনানির আয়োজন করা হয়েছে।

উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ১২ ও ১৩ ধারা অনুযায়ী প্রস্তাবিত উয়ালাপালং ইউনিয়ন এবং বিদ্যমান রাজাপালং ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডসমূহের সীমানা পুনর্নির্ধারণ ও পুনর্বিন্যাসের লক্ষ্যে এ গণশুনানির আয়োজন করা হচ্ছে।

এতে ইউনিয়ন বিভাজনের পক্ষে ও বিপক্ষে আগ্রহী ব্যক্তি, জনপ্রতিনিধি, স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থেকে তাদের মতামত প্রদানের জন্য অনুরোধ জানানো হয়েছে।

স্থানীয়দের মতে, নতুন ইউনিয়ন গঠিত হলে প্রশাসনিক সেবা জনগণের আরও কাছে পৌঁছাবে এবং স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে গতি আসতে পারে। তবে ইউনিয়ন বিভাজন নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও মতভেদও রয়েছে, যা গণশুনানির মাধ্যমে উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, বর্তমানে উখিয়া উপজেলায় রাজাপালং, রত্নাপালং, জালিয়াপালং, পালংখালী ও হলদিয়াপালং—এই পাঁচটি ইউনিয়ন রয়েছে। প্রস্তাবিত উয়ালাপালং ইউনিয়ন গঠিত হলে উপজেলার প্রশাসনিক কাঠামোতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে এবং ইউনিয়নের সংখ্যা বেড়ে ছয়টিতে উন্নীত হবে।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !