নিজস্ব প্রতিবেদক ::
কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নে মিয়ানমার সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা সাতটি গরুসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকাল ৯টার দিকে গর্জনিয়া-রামু সড়কের উখিয়ারঘোনা সওদাগরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, একদল চোরাকারবারি মিয়ানমার সীমান্ত থেকে অবৈধভাবে গরু এনে ট্রাকে তুলে কক্সবাজারের দিকে পাচারের প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে রামু থানার এসআই নিক্সন চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে সাতটি গরু ও গরু পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— আয়াজ উদ্দিন রুবেল (৪০), শমছুল আলম (৩১), মাহাবুব আলম (৩০), মতিউর রহমান (৩৫) ও ওবাইদুল হক (২৭)। তাদের সবার বাড়ি রামু উপজেলার বিভিন্ন এলাকায়।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা মিয়ানমার থেকে কম দামে গরু কিনে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে এনে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে পাচার করছিলেন বলে স্বীকার করেছেন।
তিনি আরও জানান, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুরো পাচার চক্রকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

