উখিয়ায় ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন মা, হত্যা মামলায় বিএনপি নেতাসহ ১০ জন আসামি

Ukhiyacox News
By -


 

আর.জে রাফি (নিজস্ব প্রতিবেদক) ::

কক্সবাজারের উখিয়ায় ছেলেকে প্রতিপক্ষের হামলা থেকে বাঁচাতে গিয়ে নিহত গৃহবধূ ছৈয়দা খাতুন হত্যা ঘটনায় অবশেষে ৪৮ ঘণ্টা পর মামলা দায়ের হয়েছে। মামলায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মীসহ ১০ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮ জনকে আসামি করা হয়েছে।

নিহত ছৈয়দা খাতুন (৫৫) উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের টাইপালং গ্রামের বাসিন্দা ও সব্বির আহমেদের স্ত্রী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ মে রাতে পূর্ববিরোধের জেরে টাইপালং গ্রামে আব্দুর রহমানের ওপর হামলা চালায় একদল ব্যক্তি। এ সময় ছেলেকে রক্ষা করতে এগিয়ে গেলে হামলাকারীদের মারধরে ঘটনাস্থলেই নিহত হন তাঁর মা ছৈয়দা খাতুন।

সোমবার রাত ৮টার দিকে নিহতের ছেলে আব্দুর রহমান বাদী হয়ে উখিয়া থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ সেটিকে নিয়মিত হত্যা মামলা হিসেবে রুজু করে।

মামলার প্রধান আসামি করা হয়েছে রাজাপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী ও উপজেলা বিএনপির সদস্য মিজান সিকদারকে। এছাড়া তাঁর ছেলে ছাত্রদল নেতা হাসেম সিকদার জিসানসহ আরও কয়েকজন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীর নাম মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বাদী আব্দুর রহমান বলেন, “আমার মাকে আমার সামনেই হত্যা করা হয়েছে। হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যাব।”

এর আগে রোববার দুপুরে টাইপালং গ্রামে ছৈয়দা খাতুনের জানাজায় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীসহ কয়েক হাজার মানুষ অংশ নেন।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !