টেকনাফের হোয়াইক্যংয়ে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, হতাহতের আশঙ্কা

Ukhiyacox News
By -



বিশেষ প্রতিনিধি, কামরুল ইসলাম টেকনাফ কক্সবাজার ::

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন এর উত্তর কানজর পাড়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। স্থানীয়দের ভাষ্যমতে, শনিবার রাতে দ্রুতগতিতে আসা দুটি পণ্যবাহী ট্রাক মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হলে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতায় ট্রাক দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার শব্দে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধারে এগিয়ে যান এবং সড়কে আটকে পড়া যানবাহন সরানোর চেষ্টা করেন। দুর্ঘটনার কারণে টেকনাফ-কক্সবাজার মহাসড়কের ওই অংশে সাময়িক যান চলাচল ব্যাহত হয়। এতে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, দুর্ঘটনার পর কয়েকজন আহত অবস্থায় সড়কে পড়ে থাকতে দেখা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহত বা নিহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। উদ্ধারকাজ সম্পন্নের পর ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানা যাবে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। দুর্ঘটনার সঠিক কারণ এবং হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

 

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !