উখিয়ায় সরকারি সেবার মানোন্নয়নে গুরুত্ব দিলেন জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান

Ukhiyacox News
By -


 

নিজস্ব প্রতিবেদক, উখিয়া:

কক্সবাজারের উখিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান, থানা ও ভূমি অফিসসহ বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেছেন কক্সবাজার জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে তিনি বিভিন্ন প্রতিষ্ঠান সরেজমিনে পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক প্রথমে হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ে যান। সেখানে তিনি শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি, শ্রেণিকক্ষের পাঠদান পদ্ধতি এবং সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। পরে তিনি উখিয়া থানা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় পরিদর্শন করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মামলা ব্যবস্থাপনা, ভূমি সেবা, নামজারি কার্যক্রম এবং অনলাইন সেবার খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমার সভাপতিত্বে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মানব পাচার প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ, সীমান্ত নিরাপত্তা, স্থানীয়দের জন্য ২৫ শতাংশ অগ্রাধিকার নিশ্চিতকরণ, অস্থায়ী গরুর হাট নিয়ন্ত্রণ, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, যানজট নিরসন এবং রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান বলেন, “উখিয়ার জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানে প্রশাসনের সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও মানব পাচার প্রতিরোধ এবং সরকারি সেবার মান বাড়াতে সবাইকে আন্তরিক হতে হবে।”

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) মোঃ রাকিবুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা, উখিয়া থানার ওসি মুজিবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল ফজল এবং উখিয়া প্রেসক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !