ডেস্ক রিপোর্ট :
দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এর আওতাধীন চট্টগ্রাম বন্দরে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), এলপিজি এবং গ্যাস অয়েলবাহী চারটি জাহাজ এসে পৌঁছেছে। সোমবার (৬ এপ্রিল) বন্দরটির মেরিন বিভাগের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বন্দর সূত্র জানায়, উপসাগরীয় অঞ্চলসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে জ্বালানি পণ্য নিয়ে জাহাজগুলো বন্দরে নোঙর করেছে এবং বর্তমানে দ্রুতগতিতে খালাস কার্যক্রম চলছে।
আগমনকারী জাহাজগুলোর মধ্যে রয়েছে—ভারত থেকে এলপিজি নিয়ে আসা “গ্যাস চ্যালেঞ্জার”, মালয়েশিয়া থেকে গ্যাস অয়েলবাহী “শান গ্যাং ফা শিয়ান”, নাইজেরিয়া থেকে এলএনজি নিয়ে আসা “কুল ভয়েজার” এবং চীন থেকে এলপিজি নিয়ে আসা “গ্যাস জার্নি”। নির্ধারিত সময় অনুযায়ী ৭ থেকে ৮ এপ্রিলের মধ্যে এসব জাহাজের পণ্য খালাস সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, দেশে জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখা ও বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রাখতে জাহাজগুলো থেকে দ্রুত পণ্য খালাসে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যেই সব কার্যক্রম শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

