নিজস্ব প্রতিবেদক ::
কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭৫ লক্ষ টাকা মূল্যের ১৫ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সোমবার (৬ এপ্রিল ২০২৬) দুপুর ১২টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক টেকনাফের নাজিরপাড়া সংলগ্ন নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় একটি সন্দেহজনক কাঠের বোটে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
এসময় টেকনাফ উত্তর নাজিরপাড়ার মৃত রাজা মিয়ার ছেলে কফিল ও শাহিন আলম নামে দুই সহোদর মাদক পাচারকারীকে আটক করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত ইয়াবা, পাচারে ব্যবহৃত বোট এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

