ডেস্ক রিপোর্ট :
কক্সবাজার শহরের কবিতা চত্বর সংলগ্ন ঝাউবাগান এলাকা থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ, যা স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ও উদ্বেগ সৃষ্টি করেছে। বুধবার (২৫ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য মতে, ঝাউবাগানের ভেতরে পড়ে থাকা অবস্থায় নবজাতকটিকে দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে কক্সবাজার সদর মডেল থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন জানান, সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। তবে কীভাবে নবজাতকের মরদেহ সেখানে এলো, তা এখনো অজানা রয়ে গেছে।
ঘটনাটি ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে এবং প্রকৃত ঘটনা উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

