ডেস্ক রিপোর্ট :
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে সংগঠনটি। একইসঙ্গে আগামী ৭ জানুয়ারির পর সরকার পতনের আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।
শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ-মিছিল বের করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান নেন এবং সড়ক অবরোধ করেন।
অবরোধ কর্মসূচিতে আব্দুল্লাহ আল জাবের বলেন, ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে সরকারের বক্তব্য বিভ্রান্তিকর এবং তা বিশ্বাসযোগ্য নয়। তিনি অভিযোগ করেন, ঘটনার ২১ দিন পেরিয়ে গেলেও প্রকৃত খুনিদের শনাক্ত ও গ্রেপ্তারে সরকার ব্যর্থ হয়েছে, যা স্পষ্টভাবে সদিচ্ছার অভাবের প্রমাণ।
তিনি আরও বলেন, শুধু একজনের বিরুদ্ধে চার্জশিট দিয়ে দায় এড়ানোর চেষ্টা করলে তা গ্রহণযোগ্য হবে না। হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় এনে চার্জশিট দিতে হবে, অন্যথায় ৭ জানুয়ারির পর সরকার পতনের আন্দোলন শুরু করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

