ডেস্ক রিপোর্ট :
কক্সবাজারের উখিয়ার জালিয়া পালং ইউনিয়নের চাঞ্চল্যকর ইউপি সদস্য কামাল হোসেন হত্যা মামলায় আদালত ৮ আসামির জামিন আবেদন নামঞ্জুর করে সরাসরি জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবদুর রহিম বুধবার শুনানি শেষে এ আদেশ দেন।
মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন— আবদুর রহিম, তোফাইল আহমদ, জুহুর আহমদ চৌধুরী, শরিফুল হক সাগর, জহির আহমদ, নুরুল বশর, মোহাম্মদ রিদোয়ান ও শরিফুল হক নাহিদ। তারা সকলেই মনখালী এলাকার বাসিন্দা।
নিহতের ভাই সাহাব উদ্দিন আদালতের এ সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আমার ভাইকে নৃশংসভাবে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আজ আদালতের সিদ্ধান্তে আমরা আইনের প্রতি আরও শ্রদ্ধাশীল হয়েছি এবং চাই দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর হোক।’
জানা যায়, কামাল হোসেনের লাশ গত বছরের ৮ জুলাই তার বাড়ির পাশের ডোবা থেকে উদ্ধার করা হয়। এর আগের রাতে ঔষুধের জন্য ফার্মেসিতে গেলে রাত ১১টার পর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। এই হত্যাকাণ্ডের ঘটনায় সারাদেশে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠে। নিহত কামাল উখিয়া যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং তার পরিবার দীর্ঘদিন ধরে ন্যায়বিচারের অপেক্ষায় ছিল।
উল্লেখ্য, নিহত কামালের পরিবার অতীতে আরও দুইবার হত্যার শিকার হয়েছে। স্থানীয়রা আশা করছেন দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে মূল হোতাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।
সূত্র :টিটিএন

