প্রতিবেদন : আর.জে রাফি কক্সবাজার উখিয়া
কক্সবাজারে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির মাধ্যমে প্রশ্নফাঁসে জড়িত সংঘবদ্ধ চক্রের নারীসহ দুই সদস্যকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। শুক্রবার (৯ জানুয়ারি) রাত ১১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শহরের দুটি পরীক্ষাকেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন পেকুয়ার উজানটিয়া এলাকার ফজলুল হক (৩১) এবং কুতুবদিয়ার লেমশীখালীর জেসমিন আক্তার (২৮)। দক্ষিণ খুরুশকুল ও সিটি কলেজ কেন্দ্র থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তাদের আটক করা হয়। তল্লাশিতে দুটি মোবাইল ফোন, একটি ইলেকট্রনিক ডিভাইস ও একটি পুলিশের ব্যাগ উদ্ধার করা হয়েছে।
সদর মডেল থানার ওসি ছমির উদ্দিন জানান, শিক্ষা কর্মকর্তার দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে এবং সংশ্লিষ্ট আইনে আদালতে পাঠানো হবে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহীন মিয়া বলেন, প্রশ্নফাঁস চক্রের সহায়তায় পরীক্ষায় অংশ নেওয়ার সময়ই তাদের হাতেনাতে ধরা হয়।

