উখিয়া প্রতিনিধি : রেজাউল করিম
কক্সবাজারের উখিয়া উপজেলার তুতুরবিল এলাকায় বৃহস্পতিবার বিকেলে গণসংযোগকালে উচ্চ শব্দে সাউন্ড সিস্টেমে গান বাজানোকে কেন্দ্র করে এলাকায় সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়। যদিও ঘটনাস্থলে উপস্থিত নেতাকর্মীদের সংযম ও দায়িত্বশীল আচরণে বড় ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, উখিয়া-টেকনাফ আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী গণসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করার সময় আশপাশে একটি পক্ষ ইচ্ছাকৃতভাবে উচ্চ শব্দে সাউন্ড সিস্টেম চালু করে গান বাজাতে থাকে। এতে কর্মসূচির স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হয় এবং স্থানীয়দের মধ্যে অস্বস্তি তৈরি হয়।
এ সময় উপস্থিত অনেকেই পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করেন। উত্তেজনার মুহূর্তেও কোনো ধরনের সংঘর্ষ বা বিশৃঙ্খলা সৃষ্টি না হওয়ায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেন।
ঘটনা প্রসঙ্গে অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী সাংবাদিকদের বলেন,
“এই ঘটনার বিচার আমি জনগণের কাছেই দিলাম। সম্মান দেওয়ার মালিক আল্লাহ তাআলা। তিনি আমাদের ধৈর্য পরীক্ষা করছেন। আমরা সহনশীল রাজনীতির চর্চা করতে চাই।”
তিনি আরও বলেন,
“রাজনীতিতে ভিন্নমত থাকতেই পারে, কিন্তু পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে সামনে এগোনোই কাম্য। জনগণ সবকিছু দেখছে ও বুঝছে।”
স্থানীয় বাসিন্দাদের মতে, নির্বাচন ঘিরে এলাকায় নানা ধরনের কর্মসূচি চললেও শালীনতা ও সৌহার্দ্য বজায় রাখা জরুরি। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন,
“এভাবে সাউন্ড সিস্টেম চালিয়ে কর্মসূচিতে বিঘ্ন ঘটালে সাধারণ মানুষই বেশি ভোগান্তিতে পড়ে। সবাই যদি সংযমী হয়, তাহলে পরিবেশ ভালো থাকে।”
ঘটনার পরপরই কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যান। কোনো ধরনের পাল্টাপাল্টি শ্লোগান বা বিশৃঙ্খল আচরণ দেখা যায়নি।
এলাকাবাসীর একটি অংশ মনে করছেন, নির্বাচনী সময়ে রাজনৈতিক সহাবস্থান বজায় রাখতে সকল পক্ষেরই দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। তারা আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতে গণসংযোগ ও প্রচারণামূলক কর্মসূচিতে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটবে না।
উল্লেখ্য, উখিয়া ও টেকনাফ এলাকায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার কার্যক্রম চলমান থাকায় নির্বাচনকে ঘিরে জনমনে বাড়তি কৌতূহল ও উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। তবে স্থানীয় সচেতন মহল মনে করছে, শান্তিপূর্ণ ও সহনশীল রাজনৈতিক পরিবেশই একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত।

