ডেস্ক রিপোর্ট :
দেশের বাজারে সোনা ও রুপার দাম কমানো হয়েছে। ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা কমিয়ে নতুন দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এই দাম শুক্রবার (৯ জানুয়ারি) থেকে কার্যকর হয়েছে এবং আজ শনিবার (১০ জানুয়ারি)ও একই দামে সোনা বিক্রি হচ্ছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমে যাওয়ায় এই মূল্য সমন্বয় করা হয়েছে।
বাজুস ঘোষিত নতুন মূল্য অনুযায়ী—
২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরি ২ লাখ ২৬ হাজার ৮০৬ টাকা,
২১ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ১৬ হাজার ৪৮৪ টাকা,
১৮ ক্যারেট প্রতি ভরি ১ লাখ ৮৫ হাজার ৫৭৪ টাকা,
সনাতন পদ্ধতি প্রতি ভরি ১ লাখ ৫৪ হাজার ৬৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস আরও জানিয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।
এদিকে রুপার দামও কমানো হয়েছে। নতুন দরে—
২২ ক্যারেট রুপা প্রতি ভরি ৫ হাজার ৫৪০ টাকা,
২১ ক্যারেট ৫ হাজার ৩০৭ টাকা,
১৮ ক্যারেট ৪ হাজার ৫৪৯ টাকা,
এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ৩ হাজার ৩৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে মূল্য ওঠানামার প্রভাবেই সোনা-রুপার দামে এই পরিবর্তন এসেছে।সূত্র,জনবানী

