প্রতিবেদক : আ.জে রাফি কক্সবাজার উখিয়া
কক্সবাজারের উখিয়ায় বিএনপির সংসদ প্রার্থী শাহজাহান চৌধুরীকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে ভয়ভীতি দেখিয়ে কাফনের কাপড়সহ হুমকির চিঠি পাঠানো হয়েছে। গত ২৩ ডিসেম্বর অজ্ঞাত পরিচয়ে পোস্ট অফিসের মাধ্যমে পাঠানো ওই চিঠিতে ‘ব্যাটালিয়ন ৭১’ নামের একটি অজ্ঞাত গোষ্ঠীর উল্লেখ রয়েছে। চিঠিতে শাহজাহান চৌধুরীকে শরীফ ওসমান হাদির মতো পরিণতির হুমকি দিয়ে বলা হয়, তিনি ২৪ ঘণ্টা কিলিং স্কোয়াডের নজরদারিতে আছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহজাহান চৌধুরী বলেন, একটি সন্ত্রাসী চক্র তাকে ভয় দেখিয়ে রাজনৈতিকভাবে দুর্বল করতে চাচ্ছে। তবে হুমকিতে তিনি বিচলিত নন এবং নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়াবেন না বলেও জানান।
উখিয়া থানার ওসি নূর আহমদ জানিয়েছেন, এ ঘটনায় বিএনপির প্রার্থীর পক্ষ থেকে সাধারণ ডায়েরির আবেদন গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে রাজনৈতিক অস্থিরতার এ পরিস্থিতিতে শাহজাহান চৌধুরীর সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফোনে কথা বলে তাকে সাহস ও সমর্থন দিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

