নিজস্ব প্রতিবেদন :
উখিয়া উপজেলার মরিচ্যা বাজারে কেন্দ্রীয় মসজিদের আশপাশের জায়গা দখল করে দীর্ঘদিন ধরে মদ, গাঁজা ও খুচরা ইয়াবার অবৈধ বাণিজ্য চালানোর গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, একটি সংঘবদ্ধ সিন্ডিকেট মসজিদের দেয়াল ঘেঁষে গোপন সরুপথ তৈরি করে মাদক পরিবহন ও বেচাকেনা পরিচালনা করছে, যা মডেল মসজিদ প্রকল্প বাস্তবায়নকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করছে।
স্থানীয়দের ভাষ্য, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মসজিদের জায়গা ব্যবহার বন্ধের নির্দেশ দিলে অভিযুক্তদের নেতৃত্বে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলার চেষ্টা চালায়। এতে চেয়ারম্যানের সঙ্গে থাকা কয়েকজন গুরুতর আহত হন। ঘটনার প্রতিবাদে ছাত্রসমাজ মানববন্ধন করলেও পরবর্তীতে মাদক কারবারিরা মিছিল করে প্রকাশ্যে হত্যার হুমকি দেয় বলে অভিযোগ।
এলাকাবাসী জানান, মরিচ্যা বাজারের দক্ষিণ স্টেশন ও কবরস্থানসংলগ্ন এলাকায় সন্ধ্যার পর মাদকের খোলামেলা হাট বসে। এর প্রভাবে কিশোর-যুবক ও শিক্ষার্থীরা মাদকে জড়িয়ে পড়ছে; বেড়েছে চুরি, ছিনতাই ও ডাকাতি। সচেতন মহলের অভিযোগ, সীমান্তপথে আসা মাদক স্থানীয় কয়েকটি গুদামে মজুদ হয়ে বাজারজুড়ে ছড়িয়ে পড়ছে, অথচ প্রশাসনের কার্যকর নজরদারি নেই।
উপজেলা বিএনপি সভাপতি সরওয়ার জাহান চৌধুরী মাদকের আস্তানা উচ্ছেদে যৌথবাহিনীর কঠোর অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছেন। এলাকাবাসী অবিলম্বে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের সমন্বিত অভিযানের দাবি জানিয়ে মসজিদ ও সমাজ রক্ষায় কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

