ডেস্ক রিপোর্ট :
পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে টানা নয় মাসের জন্য পর্যটন কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে সরকার। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী শনিবার চলতি মৌসুমের পর্যটন কার্যক্রম শেষ হচ্ছে। ফলে রবিবার থেকে দ্বীপে পর্যটকবাহী কোনো জাহাজ চলাচল করবে না।
সাধারণত ১ অক্টোবর থেকে ৩১ মার্চ পর্যন্ত পর্যটক যাতায়াতের অনুমতি থাকলেও, চলতি বছর পরিবেশগত ঝুঁকি বিবেচনায় সময়সীমা কমিয়ে ৩১ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। প্রশাসনের মতে, দীর্ঘ সময় পর্যটক না থাকলে প্রবাল, সামুদ্রিক কাছিম, পাখিসহ জীববৈচিত্র্যের প্রাকৃতিক আবাস পুনরুদ্ধারের সুযোগ সৃষ্টি হবে।
তবে এই সিদ্ধান্তে দ্বীপের পর্যটননির্ভর ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, বিকল্প আয়ের ব্যবস্থা ছাড়া দীর্ঘমেয়াদি পর্যটন নিষেধাজ্ঞা জীবিকায় মারাত্মক সংকট সৃষ্টি করবে। মানবিক বিবেচনায় অন্তত ফেব্রুয়ারি পর্যন্ত পর্যটন চালু রাখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

