বিশেষ প্রতিবেদক :
সামনে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কক্সবাজারের উখিয়া–টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলো ক্রমেই বড় ধরনের নিরাপত্তা ঝুঁকির কেন্দ্রে পরিণত হচ্ছে। সংশ্লিষ্ট নিরাপত্তা বিশ্লেষক ও স্থানীয়দের মতে, ক্যাম্প এলাকায় অবৈধ অস্ত্র ও মাদক কারবার, সন্ত্রাসী তৎপরতা, সংঘবদ্ধ অপরাধী চক্রের সক্রিয়তা এবং ভুয়া জাতীয় পরিচয়পত্র ব্যবহারের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে, যা নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতিকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে।
২০১৭ সালে মিয়ানমারের নির্যাতনের মুখে প্রায় সাত লাখ রোহিঙ্গা কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রয় নেয়। বর্তমানে সরকারি হিসাবে এ সংখ্যা প্রায় ১১ লাখে দাঁড়ালেও বেসরকারি হিসাবে তা ১৬ লাখ ছাড়িয়েছে বলে দাবি রয়েছে। বিপুল এই জনগোষ্ঠীর মধ্যে একটি অংশ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ায় ক্যাম্পগুলো ধীরে ধীরে অনিরাপদ অঞ্চলে রূপ নিচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ক্যাম্পের ভেতর ও বাইরে নিয়মিতভাবে অস্ত্র ও ইয়াবা কারবার, চাঁদাবাজি, অপহরণ, খুনসহ নানা গুরুতর অপরাধ সংঘটিত হচ্ছে। অপরাধীরা ক্যাম্পকে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করছে এবং অভিযান চালালে অনেক সময় সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় আত্মগোপন করছে। ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে ক্যাম্পের বাইরে চলাচল এবং বিভিন্ন অপরাধে জড়ানোর অভিযোগও রয়েছে।
নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের স্বচ্ছতা ও নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। ক্যাম্পকেন্দ্রিক অপরাধী চক্র নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল করার সুযোগ নিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। এ অবস্থায় নির্বাচন সামনে রেখে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে কঠোর নজরদারি, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি উঠেছে।

