নিজস্ব প্রতিবেদন :
মহেশখালীর সোনাদিয়া চ্যানেলসংলগ্ন গভীর সমুদ্রে ডাকাতদলের কবলে পড়া ১১ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। রোববার (৭ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ৫ ডিসেম্বর এফ বি মায়ের দোয়া–৩ নামক ফিশিং বোটটি সমুদ্র ডাকাতদের আক্রমণের শিকার হয়। ডাকাতরা বোটে থাকা মাছ, খাবার, ইঞ্জিন, ব্যাটারি ও প্রয়োজনীয় সরঞ্জাম লুট করে এবং জেলেদের জিম্মি করে রাখে। পরদিন সকাল ৮টায় ঘটনাস্থল অতিক্রমকারী এফ বি তাসমীম বোটটি কোস্ট গার্ডের জরুরি নম্বর ১৬১১১–তে খবর দিলে দ্রুত অভিযান শুরু হয়।
তথ্য পেয়ে কোস্ট গার্ড স্টেশন মহেশখালীর একটি বিশেষ উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জিম্মিদশা থেকে ১১ জেলেকে উদ্ধার করে। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা শেষে ফিশিং বোটসহ মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

