টেকনাফের হ্নীলা ইউনিয়নে ব্যাডমিন্টন কোর্টে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে নিজের ৩০তম জন্মদিন উদযাপন করেছেন বহুল আলোচিত ব্যবসায়ী ও কনটেন্ট ক্রিয়েটর মোহাম্মদ শাহ আজম সরকার। আগুনের বৃত্ত ও লাইনে ‘৩০ ইয়ার্স’ ফুটিয়ে তোলার সময় ভিডিও ধারণের উদ্দেশ্যে অতিরিক্ত পেট্রোল ব্যবহারে দামী একটি মোটরসাইকেল মুহূর্তেই দাহ্য হয়ে ভস্মীভূত হয়।
রবিবার গভীর রাতে সংঘটিত এ ঘটনায় কেউ আহত না হলেও ফায়ার সার্ভিসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন—প্রকাশ্যে দাহ্য তরল ব্যবহার ও অগ্নিপ্রদর্শনী ‘অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন’ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
ভিডিওচিত্রে দেখা যায়, আজম ও তার সহযোগীরা পাঁচ লিটারের পেট্রোল মোটরসাইকেলের ওপর ঢালতেই আগুন ভয়াবহভাবে ছড়িয়ে পড়ে। পরে কিছু যুবক পানি ও বালু দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে।
এ ঘটনায় স্থানীয় কনটেন্ট ক্রিয়েটররা সতর্ক করে বলেছেন—আজমের ‘নাটকীয় স্টান্ট’ অনুকরণ করতে গিয়ে তরুণরা প্রায়ই প্রাণঘাতী ঝুঁকি নিচ্ছে।
উল্লেখ্য, শাহ আজম পরবর্তী হ্নীলা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। ২০১৯ সালে টেকনাফে আত্মসমর্পণ করা স্বঘোষিত ১০২ মাদক কারবারির তালিকায় তার নামও ছিল। ঘটনাটি নিয়ে তার বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। সূত্র টিটিএন

