নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের ঝিলংজা এলাকায় সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ জেলা যুবদল নেতা ফারুক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (২৮ ডিসেম্বর) ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্র জানায়, গুরুতর গুলিবিদ্ধ অবস্থায় তিনি লাইফ সাপোর্টে ছিলেন।
এর আগে ৯ ডিসেম্বর রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে ঝিলংজা উত্তরণ আবাসিক এলাকার প্রধান সড়কে চিহ্নিত সন্ত্রাসী ‘বাবু বাহিনী’র হামলায় ফারুক ও যুবদল নেতা সাইফুল ইসলাম গুলিবিদ্ধ হন। দুজনকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর ফারুককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলেও শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন। অপর আহত সাইফুল ইসলাম কক্সবাজারে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় পুলিশ বান্দরবানের লামা উপজেলার একটি রিসোর্ট থেকে পাঁচজনকে আটক করেছে। মামলার প্রস্তুতি ও আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

