কক্সবাজারের চকরিয়ায় চলন্ত ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
By -
নভেম্বর ০৬, ২০২৫
সামিম হোসেন :
কক্সবাজার-চট্টগ্রাম রেলপথের চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের পুচ্ছালিয়াপাড়া এলাকায় চলন্ত ট্রেনে কাটা পড়ে নুরুল আলম মুন্সি (৭০) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল আলম উপজেলার কোনাখালী ইউনিয়নের মরংঘোনা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
বিএমচর ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান ইসমাইল হোসেন মানিক বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে রেললাইনের উপর দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি দ্রুতগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই বৃদ্ধের মৃত্যু হয়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করেছে।
এদিকে স্থানীয়রা জানান, দুর্ঘটনাস্থলটি রেললাইনের একটি বাঁকানো অংশে অবস্থিত হওয়ায় প্রায়ই এ এলাকায় দুর্ঘটনা ঘটে। তবে নিহত ব্যক্তি কী কারণে রেললাইনের উপর ছিলেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
রেলওয়ে পুলিশের দায়িত্বশীল কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্ধকারে ট্রেনের শব্দ টের না পেয়ে তিনি দুর্ঘটনার শিকার হন। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এই ঘটনাকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, দুর্ঘটনাপ্রবণ এ অংশে পর্যাপ্ত সতর্কতামূলক সাইনবোর্ড ও নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এমন প্রাণহানি প্রায়ই ঘটছে।

