চকরিয়ায় ডাকাতের আস্তানায় পুলিশের অভিযান দেশীয় অস্ত্রসহ এক সন্ত্রাসী গ্রেফতার
By -
নভেম্বর ০৬, ২০২৫
নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট রেলস্টেশন এলাকায় দিনদুপুরে ডাকাতের আস্তানায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি একনলা বন্দুক ও চার রাউন্ড কার্তুজসহ এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তি রাসেল উদ্দিন ওরফে রিয়াজু (৩৩), ডুলাহাজারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মালুমঘাট ডুমখালী এলাকার নুরুল ইসলামের ছেলে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে এসআই আনোয়ার হোসেন ও এএসআই জসিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।
ওসি মোহাম্মদ তৌহিদুল আনোয়ার জানান, গোপন তথ্যের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) অভিজিৎ দাশের তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডাকাত রিয়াজুকে গ্রেফতার ও তার দেখানো স্থানে লুকানো অস্ত্র উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃত রাসেল উদ্দিন ওরফে রিয়াজু একজন পেশাদার সন্ত্রাসী এবং আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

