জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে আয়োজিত যুব কর্মপরিকল্পনার ৩০ বছর পূর্তি উপলক্ষে উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্য উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তরুণরাই নিজেদের, পৃথিবীর ও ভবিষ্যতের জন্য সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে প্রদত্ত ভাষণে তিনি বলেন, বাংলাদেশে যুবসমাজের সাহসী আন্দোলনই স্বৈরতন্ত্রের অবসান ঘটিয়ে দেশকে নতুন পথে পরিচালিত করেছে।
ড. ইউনূস সতর্ক করে বলেন, বিশ্বব্যাপী তরুণরা পরিবর্তনের মূল চালিকাশক্তি হলেও তারা এখনো বেকারত্ব, জলবায়ু পরিবর্তন, সংঘাত ও বৈষম্যের প্রধান শিকার। নিম্ন আয়ের দেশগুলোতে যুব বেকারত্ব প্রাপ্তবয়স্কদের তুলনায় চারগুণ বেশি উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে যুব উদ্যোক্তা নীতি প্রণয়ন করে তরুণদের কর্মসংস্থানের সৃষ্টিকারী হিসেবে গড়ে তোলা হচ্ছে।
তিনি জোর দিয়ে বলেন, বৈশ্বিক সহযোগিতা ছাড়া যুব ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব নয়। অন্যথায় তরুণদের হতাশা অস্থিরতায় রূপ নেবে।

