নিজস্ব প্রতিবেদন :
কক্সবাজারে ট্যুরিস্ট পুলিশের বিভিন্ন অভিযানে সাহসিকতা ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন নারী কনস্টেবল নিশিতা বড়ুয়া। তিনি কানাডাভিত্তিক একটি সংস্থা কর্তৃক প্রদত্ত মর্যাদাপূর্ণ “উইমেনস ট্যুরিজম লিডার্স অ্যাওয়ার্ড” লাভ করেছেন।
উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কুতুপালং পূর্বপাড়া এলাকার বাসিন্দা নিশিতা বড়ুয়া বর্তমানে কক্সবাজার রিজিওন ট্যুরিস্ট পুলিশে কর্মরত আছেন। তার এ অর্জনে এলাকায় আনন্দের বন্যা বইছে।
কক্সবাজার রিজিওন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মোঃ আপেল মাহমুদ প্রতিক্রিয়ায় বলেন, “নিশিতা বড়ুয়ার এই সাফল্য শুধু কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের জন্যই নয়, বরং দেশের জন্যও গৌরবের বিষয়। নারী পুলিশ সদস্যরা সমানতালে সাহসিকতা ও দক্ষতার পরিচয় দিতে পারেন—এই অর্জন তারই প্রমাণ।”
নিজের প্রতিক্রিয়ায় নিশিতা বড়ুয়া বলেন, “এই স্বীকৃতি আমাকে আরও অনুপ্রাণিত করবে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় আমি সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখবো।”
স্থানীয়রা জানান, ছোটবেলা থেকেই সাহসী ও দায়িত্বশীল চরিত্রের অধিকারী নিশিতা বড়ুয়া এলাকায় সবার কাছে অনুকরণীয়। তার এই অর্জনে উখিয়ার নাম আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল হয়েছে।

