নিজস্ব প্রতিনিধি :
চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের কক্সবাজারের চকরিয়া অংশের প্রায় ৪৪ কিলোমিটার এখন ডাকাতদের নিয়ন্ত্রণে অরক্ষিত হয়ে পড়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাতে চকরিয়ার মালুমঘাট ঢালায় সশস্ত্র ডাকাত দলের রশি টানার ফাঁদে পড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার বালুখালী এলাকার যুবক মাহমুদুল হক (২৮) নিহত হন এবং আরও তিনজন আহত হন।
পুলিশ জানায়, লামা পাহাড়কেন্দ্রিক ডাকাত চক্র সুযোগ বুঝে মহাসড়কে হামলা চালায়। ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে থানা ও হাইওয়ে পুলিশের টহল কার্যক্রম দুর্বল, বরং চাঁদাবাজিতেই তারা বেশি মনোযোগী।
এ ঘটনায় কক্সবাজার জেলা পুলিশ মহাসড়ককে সিসিটিভির আওতায় আনার উদ্যোগ নিয়েছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে ডিবি ও থানা পুলিশের চেকপোস্ট বসানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

