কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া অংশে দুর্ধর্ষ ডাকাতদলের হামলায় মাহমুদুল্লাহ রিয়াদ (৩০) নামে উখিয়ার এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রিয়াদ উখিয়ার বালুখালীর শিয়ালিয়া পাড়ার বাসিন্দা। জানা গেছে, মাত্র ২২ দিন আগে তার স্ত্রী মারা গিয়েছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে ডাকাতরা রশি টেনে মোটরসাইকেল থামিয়ে যাত্রীদের ওপর হামলা চালায়। এতে রিয়াদ গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই ঘটনায় আরও চারজন আহত হন, যাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার ডাকাতদের হামলায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মহাসড়কের ওই এলাকায় ডাকাতরা সক্রিয় থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত নজরদারি না থাকায় বারবার এ ধরনের ঘটনা ঘটছে।
