(নিজস্ব প্রতিবেদন)
কক্সবাজার পৌরসভার টমটমের অবৈধ লাইসেন্স প্রদান নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন। তিনি স্পষ্টভাবে বলেন, এ বিষয়ে কোনো পৌর কর্মচারী বা ইন্ধনকারী জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (১০ আগস্ট) সকালে জেলা প্রশাসনের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক এ সতর্কবার্তা দেন।
তিনি আরও বলেন, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র, মাদক পাচার এবং অন্যান্য অপরাধে জড়িতদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। মাদক নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে কক্সবাজারের জন্য পৃথক জাতীয় পর্যায়ের টাস্কফোর্স গঠন করা হয়েছে। পাশাপাশি নিরাপদ সৈকত নিশ্চিত, যানজট নিরসন, জলাবদ্ধতা মোকাবিলা, অবৈধ ক্লিনিক ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিতে মোবাইল কোর্ট পরিচালনা জোরদার করা হবে।
জন্মাষ্টমী উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য জেলার সব উপজেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। এ ছাড়া সৈকতে একবার ব্যবহৃত প্লাস্টিক বন্ধে সচেতনতা তৈরির অংশ হিসেবে ১০০ মেট্রিক টন প্লাস্টিক সংগ্রহের লক্ষ্যে ‘প্লাস্টিক এক্সচেঞ্জ মার্কেট’ চালু করা হয়েছে।
সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলমের সঞ্চালনায় পুলিশ সুপার মো. সাইফউদ্দীন শাহীন, সিভিল সার্জন ডা. মোহাম্মদুল হক, পৌর প্রশাসক রুবাইয়া আফরোজ, রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় মাদক ও অপহরণ রোধ, ট্রাফিক ব্যবস্থা উন্নয়ন, নিত্যপণ্যের দাম মনিটরিংসহ নানা বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

.jpg)