(নিজস্ব প্রতিবেদন)
২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সংকটের আট বছর পূর্ণ হতে চললেও এখনো প্রত্যাবাসনের কোনো আলোর মুখ দেখা যায়নি। বরং রাখাইনে সংঘাত, আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়া ও রাজনৈতিক জটিলতায় তাদের স্বদেশে ফেরার স্বপ্ন হয়ে উঠেছে আরও কঠিন।এমন পরিস্থিতিতে উখিয়া-টেকনাফের ৩৩টি রোহিঙ্গা ক্যাম্পে অনানুষ্ঠানিক ভোটের মাধ্যমে নিজেদের অধিকার ও প্রত্যাবাসনের দাবিকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে ৫ জন নেতাকে নির্বাচিত করেছে রোহিঙ্গারা। শনিবার (১৬ আগস্ট) উখিয়ার বালুখালী ক্যাম্পে চূড়ান্ত পর্যায়ে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়।
নির্বাচিতরা হলেন— ১৫ নং ক্যাম্পের মৌলভি সৈয়দ উল্লাহ, ১৩ নং ক্যাম্পের খিন মং, ১ নং/ইস্ট ক্যাম্পের জাহাঙ্গীর আলম, ১ নং/ওয়েস্ট ক্যাম্পের মোহাম্মদ শোয়াইফ এবং ১৫ নং ক্যাম্পের সাজেদা বেগম। তারা পর্যায়ক্রমে ছয় মাস মেয়াদে নেতৃত্ব দেবেন।
প্রথম সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া মৌলভি সৈয়দ উল্লাহ বলেন, “আমাদের মূল লক্ষ্য হলো মর্যাদা ও অধিকারের সঙ্গে আরাকানে প্রত্যাবর্তন।” রোহিঙ্গা অধিকারকর্মী খিন মং জানান, নতুন এই প্রতিনিধি সংগঠন আন্তর্জাতিক সহযোগীদের সঙ্গে যোগাযোগ জোরদার করবে এবং শিক্ষা ও শান্তিকে অগ্রাধিকার দেবে।
রোহিঙ্গা শরণার্থীরা এই নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়েছে এবং আন্তর্জাতিক মহলেও উদ্যোগটির প্রশংসা পাওয়া যাচ্ছে।

