কক্সবাজার বিমানবন্দর থেকে ক্রিকেট ব্যাটের ভেতরে কৌশলে ইয়াবা বহনের সময় দুই যুবককে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। রোববার সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের অত্যাধুনিক স্ক্যানার মেশিনে এসব ইয়াবা শনাক্ত হলে তাদের আটক করা হয়।
৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ জানান, আটক দুইজনের নাম মাদারিপুরের জাকির হোসেন (২১) ও বরিশালের তানভীর আহমেদ (২৮)। তাদের কাছ থেকে মোট পাঁচ হাজার একশো পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মোর্তজা জানান, সকাল ১০টা ৫০ মিনিটে ছেড়ে যাওয়া ইউএস বাংলার একটি ফ্লাইটে তাদের যাত্রা করার কথা ছিল। তবে নিরাপত্তা চেকিংয়ের সময় স্ক্যানারে ক্রিকেট ব্যাটের ভেতরে ইয়াবার অবস্থান ধরা পড়ে। এরপরই বিমানবন্দরের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত তাদের আটক করে।
এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন ৮ এপিবিএনের অধিনায়ক।

