সরকার পতনের বছরপূর্তি: ছাত্র-জনতার গণজাগরণের দিন আজ

Ukhiyacox News
By -


 নিজস্ব প্রতিবেদক

আজ ৫ আগস্ট—বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় এক দিন। বছর আগে এই দিনে শেখ হাসিনার দীর্ঘ সাড়ে ১৫ বছরের শাসনের পতনের মধ্য দিয়ে এক নতুন অধ্যায়ের সূচনা ঘটে। দিনটি এখন ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালন করছে নতুন সরকার।

এই ঐতিহাসিক দিন উপলক্ষে আজ সারাদেশে নানা কর্মসূচি পালিত হচ্ছে। রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দিবসটির তাৎপর্য তুলে ধরে আজ বিকেলে জাতির উদ্দেশে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন।

প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্বে কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন শুরু হয়, তা-ই ছিল গণঅভ্যুত্থানের সূচনা। “কোটা না, মেধা চাই” এই স্লোগানে ছাত্ররা রাজপথে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল।

কিন্তু সরকারের কঠোর দমন নীতির কারণে আন্দোলন সহিংস রূপ নেয়। রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের মৃত্যু সারাদেশে ক্ষোভের বিস্ফোরণ ঘটায়।

৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত মহাসমাবেশ থেকে আনুষ্ঠানিকভাবে সরকার পতনের দাবি জানানো হয়। এরপর একের পর এক কর্মসূচি ও অসহযোগ আন্দোলনের ধারাবাহিকতায় ৫ আগস্ট অনুষ্ঠিত হয় ‘মার্চ টু ঢাকা’।

সেই দিন লাখো মানুষ কারফিউ উপেক্ষা করে ঢাকার রাজপথে নামে। শাহবাগ, পল্টন, শহীদ মিনারসহ বিভিন্ন স্থানে সৃষ্টি হয় জনসমুদ্র। দুপুরের দিকে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে গেছেন। এ খবর ছড়িয়ে পড়তেই রাজপথে শুরু হয় সাধারণ মানুষের উল্লাস ও উদযাপন।


এই দিনটি তাই শুধু সরকার পতনের দিন নয়; এটি হয়ে উঠেছে জনগণের ঐক্য, সাহস ও গণতান্ত্রিক চেতনার প্রতীক। নতুন প্রজন্মের কাছে এটি এক মুক্তির ইতিহাস, যা মনে করিয়ে দেয়—জনগণের শক্তিই সকল ক্ষমতার উৎস।


#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !