প্রত্যাবাসন অনিশ্চিত, রোহিঙ্গা সমস্যা আরও জটিল রূপ নিচ্ছে

Ukhiyacox News
By -

 

(নিজস্ব প্রতিনিধি) 

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে দেয়া ঘোষণার পাঁচ মাস পেরিয়ে গেলেও কার্যত কোনো অগ্রগতি হয়নি। ১৪ মার্চ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে মহাসচিব প্রত্যাবাসন প্রক্রিয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় সহযোগিতা ও চাপের আশ্বাস দিলেও, তা এখন পর্যন্ত কথার মধ্যেই সীমাবদ্ধ রয়ে গেছে।বাংলাদেশ সরকারের একাধিক সূত্র জানিয়েছে, মিয়ানমার জান্তা সরকারের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো ইতিবাচক পদক্ষেপ দেখা যায়নি। বরং এ সময়ে নতুন করে আরও রোহিঙ্গা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।রোহিঙ্গা সংকট মোকাবেলায় জাতিসংঘ ২৪ মার্চ প্রায় ১০০ কোটি ডলারের সাহায্য তহবিল আহ্বান করলেও, আন্তর্জাতিক সহায়তার প্রতিশ্রুতি মিললেও সাড়া খুবই সীমিত। ইতোমধ্যে ইউএসএইডের আর্থিক সহায়তা কমে যাওয়ায় ক্যাম্পের জীবনযাত্রা এবং খাদ্য সংকটও প্রকট হয়েছে।জাতিসংঘ ও ইউএনএইচসিআরের পক্ষ থেকে রোহিঙ্গাদের তৃতীয় কোনো নিরাপদ দেশে স্থানান্তরের প্রস্তাব থাকলেও সেটির বাস্তবায়ন এখনও দূরস্বপ্নই রয়ে গেছে। একই মত পোষণ করে যুক্তরাষ্ট্রও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে পরিকল্পনা গ্রহণের পরামর্শ দিয়েছিল।রোহিঙ্গা প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, “প্রত্যাবাসন প্রক্রিয়া স্থবির অবস্থায় রয়েছে। তবে মিয়ানমারসহ সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ চালিয়ে যাওয়া হচ্ছে।”

জাতিসংঘের ‘২০২৫-২৬ যৌথ সাড়াদান পরিকল্পনা’ কার্যকর হলেও আন্তর্জাতিক অনুদানের ঘাটতি রোহিঙ্গা সংকট ব্যবস্থাপনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় জনগণও দীর্ঘমেয়াদি বোঝা বইতে গিয়ে নানামুখী সংকটে পড়ছে।


বিশ্লেষকদের মতে, মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ না বাড়ালে, এবং সংকটের রাজনৈতিক সমাধান না হলে রোহিঙ্গা প্রত্যাবাসন শুধু প্রতিশ্রুতি ও পরিকল্পনার মধ্যে সীমাবদ্ধ থাকবে।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !