আইসিজের ঐতিহাসিক রায়ের পর উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে খলিলুর রহমান

Ukhiyacox News
By -
মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় ঘোষণার পরদিন কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শন করেছেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। শুক্রবার (২০ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে তিনি উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। সেখানে রোহিঙ্গারা তাকে স্বাগত জানান। এ সময় তিনি শরণার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগ, নিরাপত্তাহীনতা ও নিজ দেশে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষার কথা শোনেন। সফরকালে খলিলুর রহমান বলেন, আজ সকালে আমি একটি বিশেষ সময়ে, বিশেষ দিনে এবং ঐতিহাসিক মুহূর্তে ক্যাম্পে এসেছি। গতকাল আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা সংঘটনের বিষয়ে রায় দিয়েছেন। আদালতের ইতিহাসে এটি একটি ঐতিহাসিক ঘটনা। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ সফরের অংশ হিসেবে তিনি কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শন করছেন। এর আগে তিনি রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করেছেন। আইসিজের এই রায়কে ন্যায়বিচার ও আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার পাশাপাশি নিজ দেশে ফেরার প্রত্যাশা পূরণের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন রোহিঙ্গারা। তাদের আশা, এ রায়ের ফলে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়বে এবং নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পথ তৈরি হবে। ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) সভাপতি কিন মং বলেন, বাংলাদেশ সরকার ও এ দেশের মানুষ আমাদের আশ্রয় দিয়ে জীবন বাঁচিয়েছেন। এ জন্য আমরা কৃতজ্ঞ। কিন্তু আমরা চিরদিন শরণার্থীশিবিরে থাকতে চাই না। আমাদের চূড়ান্ত লক্ষ্য মিয়ানমারে নিজেদের ঘরে ফিরে যাওয়া। সে জন্য নাগরিকত্ব, নিরাপত্তা, চলাচলের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমান রোহিঙ্গাদের দুর্ভোগ ও প্রত্যাবাসনের আকাঙ্ক্ষার বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আরও জোরালোভাবে তুলে ধরবেন।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !