মাদক নিয়ে গ্রেপ্তার হওয়ার পর উখিয়া হলদিয়া পালং উত্তর শাখা তাঁতীদলের সভাপতি আশেক'কে দল থেকে বহিষ্কার

Ukhiyacox News
By -
বিশেষ প্রতিবেদক :: উল্লেখ্য, চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আশেক (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার আশেক কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের উত্তর শাখা তাঁতীদলের বর্তমান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ইয়াবাসহ তার গ্রেপ্তারের ঘটনায় উখিয়া ও লোহাগাড়ার স্থানীয় পর্যায়ে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে লোহাগাড়া থানা পুলিশ। এ সময় তার হেফাজত থেকে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) বিপ্লব চন্দ্র নাহা ও সঙ্গীয় পুলিশ সদস্যরা মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালানোর একপর্যায়ে মো. আশেককে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযান শেষে উদ্ধারকৃত ইয়াবাগুলো জব্দ তালিকামূলে জব্দ করে পুলিশ। পরে গ্রেপ্তারকৃত আশেককে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় আইনি কার্যক্রম সম্পন্ন করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার মো. আশেক কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পাগলির বিল এলাকার মৃত আব্দুস সালামের ছেলে। স্থানীয়ভাবে তিনি হলদিয়া পালং ইউনিয়নের উত্তর শাখা তাঁতীদলের সভাপতি হিসেবে পরিচিত। এ ঘটনায় ৭ সেপ্টেম্বর লোহাগাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি থানার মামলা নম্বর-০৯। মামলায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(গ)/৩৮/৪১ ধারায় অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট মামলায় বিধি অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার উৎস, এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না এবং চালানটি কোথা থেকে কোথায় নেওয়া হচ্ছিল—এসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এদিকে, উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের স্থানীয় রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলে তাঁতীদলের পদধারী হিসেবে পরিচিত একজন ব্যক্তির ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় নানা আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে একজন রাজনৈতিক সংগঠনের স্থানীয় পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তি মাদকসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল ও সমালোচনা দেখা দিয়েছে। স্থানীয়দের মতে, মাদকবিরোধী অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে মাদক ব্যবসার সঙ্গে যে-ই জড়িত থাকুক, রাজনৈতিক পরিচয় বা সামাজিক অবস্থান বিবেচনা না করে তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। উখিয়া উপজেলা তাঁতীদলের আহবায়ক আমিন বলেন, আমি দুরে আছি তাকে বহিষ্কার করা হবে। এ বিষয়ে জেলা তাঁতীদলের আহবায়ক ডাক্তার নাসির উদ্দিন বলেন, উপজেলা সভাপতিকে নির্দেশ দেওয়া হয়েছে সদস্য পদ সহ বহিষ্কার করার জন্য।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !