উখিয়ার প্রতিনিধি ::
কক্সবাজারের উখিয়া উপজেলার উপকূলীয় ইউনিয়ন জালিয়াপালংয়ের ৯ নম্বর ওয়ার্ডের ছেপটখালী গ্রামের একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক ভারি বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এতে সড়কটির একটি ছোট কালভার্টের সঙ্গে মূল সড়কের সংযোগ বিচ্ছিন্ন হয়ে ঝুঁকিপূর্ণ অবস্থার সৃষ্টি হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে ভারি বর্ষণের সময় বিলের পানি বৃদ্ধি পেয়ে সড়কটির একটি অংশ ভেঙে যায়। ফলে ছেপটখালী গ্রামের মানুষের স্বাভাবিক চলাচলে চরম দুর্ভোগ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছেপটখালী গ্রামের এই সংযোগ সড়কটি এলাকার মানুষের যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সড়কটি সরাসরি মেরিন ড্রাইভ ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান সড়কের সঙ্গে যুক্ত। বর্তমানে সড়কটি পানিতে তলিয়ে যাওয়ায় ছেপটখালী এলাকার সঙ্গে পার্শ্ববর্তী এলাকার যোগাযোগ অনেকটা ব্যাহত হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ছেপটখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ প্রতিদিন এই সড়ক ব্যবহার করে চলাচল করেন। সড়কটি ভেঙে যাওয়ায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতেও সমস্যা হচ্ছে। পাশাপাশি জরুরি প্রয়োজনে রোগী পরিবহনসহ বিভিন্ন ক্ষেত্রে ভোগান্তিতে পড়তে হচ্ছে এলাকাবাসীকে।
জালিয়াপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভারপ্রাপ্ত ইউপি সদস্য ও সংরক্ষিত নারী ইউপি সদস্য রুজিনা আক্তার বলেন, “ভারী বর্ষণের কারণে ৯ নম্বর ওয়ার্ডের ছেপটখালী গ্রামের মেরিন ড্রাইভ ও এলজিইডি সড়কের সঙ্গে যুক্ত প্রধান সংযোগ সড়কটি সম্পূর্ণ পানিতে তলিয়ে গেছে। এতে স্থানীয় মানুষ, বিদ্যালয়ের শিক্ষার্থী ও জরুরি প্রয়োজনে চলাচলকারীরা চরম দুর্ভোগে পড়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”
তিনি আরও জানান, দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হলে স্থানীয়দের দুর্ভোগ কমবে।
এদিকে, স্থানীয় বাসিন্দারা দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কার করে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

