বিশেষ প্রতিবেদক ::
কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া সর্দারপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ হাসেম (পিতা: মরহুম হামিদুর রহমান) দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কথা উল্লেখ করে রত্নাপালং ইউনিয়ন বিএনপির বর্তমান কমিটিতে তাকে অন্তর্ভুক্ত করার আবেদন জানিয়েছেন।
মোহাম্মদ হাসেমের ভাষ্য অনুযায়ী, তিনি পরিণত বয়স থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। তিনি দাবি করেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক নানা প্রতিকূলতা ও চাপের মধ্যেও দলীয় আদর্শ থেকে সরে যাননি। বরং তৃণমূল পর্যায়ে দলের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেছেন।
তিনি আরও দাবি করেন, রত্নাপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিভিন্ন নির্বাচনে বিএনপির পক্ষে নির্বাচনী এজেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে রাজনৈতিক হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন বলেও উল্লেখ করেন।
রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় বিভিন্ন সামাজিক বিরোধ নিষ্পত্তি, বিচার-সালিশ এবং জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত রয়েছেন বলে জানান।
মোহাম্মদ হাসেম বলেন, “দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করেছি এবং কঠিন সময়ে দলীয় আদর্শ ধরে রেখেছি। তাই আমার রাজনৈতিক অবদান ও ত্যাগের মূল্যায়ন করে রত্নাপালং ইউনিয়ন বিএনপির বর্তমান কমিটিতে আমাকে একটি দায়িত্ব দেওয়া হলে আমি ভবিষ্যতেও দলের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে পারব।
তিনি এ বিষয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করে তার দীর্ঘদিনের রাজনৈতিক অবদানের যথাযথ মূল্যায়নের আহ্বান জানান।

