উখিয়ায় নিখোঁজ আরবিত আড়াই মাসেও ফেরেনি, সন্তানের অপেক্ষায় পাথরচাপা কান্না মা-বাবার

Ukhiyacox News
By -


ডেস্ক রিপোর্ট ::

উখিয়ার কোটবাজার থেকে নিখোঁজ হওয়ার আড়াই মাস পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি দশম শ্রেণির ছাত্র মছুদ মোহাম্মদ আরবিতের (১৫)। প্রতিদিন দরজার দিকে তাকিয়ে সন্তানের ফেরার অপেক্ষায় দিন কাটছে মা-বাবার। ছেলে জীবিত ও নিরাপদ আছে কি না, সেই উৎকণ্ঠায় ঘুম হারাম হয়ে গেছে পুরো পরিবারের।

নিখোঁজ আরবিত কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জাফরপল্লান পাড়ার বাসিন্দা আফাজ উদ্দিনের ছেলে। সে রাজাপালং আবুল কাশেম নুর জাহান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৫ জুন ২০২৬ দুপুরে উখিয়ার কোটবাজার এলাকা থেকে নিখোঁজ হয় আরবিত। অভিযোগ রয়েছে, বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে তাকে একটি সিএনজি অটোরিকশায় তুল অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।

ঘটনার প্রায় এক মাস পর, গত ১৭ জুলাই ২০২৬ আরবিতের মা কাজল আকতার বাদী হয়ে উখিয়া থানায় জিআর মামলা নং-৪১২/২৬ দায়ের করেন। মামলায় দুজনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ২ থেকে ৩ জনকে আসামি করা হয়েছে।

পরিবারের অভিযোগ, নিখোঁজ হওয়ার আগে মামলার ১ নম্বর আসামি মধ্য রত্নাপালং গ্রামের ইব্রাহিম বিভিন্ন সময় আরবিতকে আইফোন, টাকা-পয়সাসহ নানা উপহার দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যেতেন। মামলার ২ নম্বর আসামি রুমখাঁ হাতির ঘোনার সেলিমকে পুলিশ গ্রেপ্তার করলেও ইব্রাহিম ঘটনার পর কাতার যাওয়ার কথা বলে আত্মগোপনে রয়েছেন বলে পরিবারের দাবি।

নিখোঁজ কিশোরের পরিবার আরও অভিযোগ করেছে, আসামিরা সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত। ইব্রাহিম আন্তর্জাতিক পাচারকারী চক্রের সঙ্গে সম্পৃক্ত কি না, সে বিষয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ রয়েছে বলেও পরিবার জানিয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

আরবিতকে কোনো সংঘবদ্ধ চক্রের মাধ্যমে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে কি না, তা নিয়ে গভীর উদ্বেগে রয়েছে পরিবার। মামলার আসামিদের সঙ্গে রোহিঙ্গা জনগোষ্ঠী কিংবা আন্তঃসীমান্ত বা আন্তর্জাতিক মানব পাচার চক্রের কোনো যোগাযোগ রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন স্বজনরা।

একটি কিশোরের নিখোঁজ হয়ে যাওয়া শুধু একটি পরিবারের শোক নয়, এটি পুরো সমাজের জন্যও গভীর উদ্বেগের বিষয়। যে বয়সে বই-খাতা নিয়ে স্কুলে যাওয়ার কথা, বন্ধুদের সঙ্গে মাঠে থাকার কথা, সেই বয়সে আরবিতের দিন কাটছে কোথায়, কার সঙ্গে এই প্রশ্নের উত্তর জানে না তার পরিবার।

মা-বাবার চোখে এখন একটাই অপেক্ষা, দরজায় কড়া নাড়বে তাদের সন্তান, ফিরে আসবে আরবিত। আড়াই মাস ধরে সেই অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !