আর.জে রাফি, উখিয়া ::
কক্সবাজারের উখিয়ার ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্র কোর্টবাজারে যানজট নিয়ন্ত্রণে স্থাপন করা সড়ক ডিভাইডার কাটার চেষ্টার অভিযোগ উঠেছে। সোমবার (১৭ আগস্ট) ডিভাইডারের একটি অংশে ড্রিল মেশিন দিয়ে কাটার চিহ্ন দেখা যায়।
বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার। তিনি উখিয়া থানা, হাইওয়ে থানা ও সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্টদের বিষয়টি অবহিত করেন।
ইউএনও পান্না আক্তার জানান, কে বা কারা ডিভাইডারটি কাটার চেষ্টা করেছে, তা তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
স্থানীয়দের অভিযোগ, কয়েকদিন ধরেই ডিভাইডারটি ভাঙা বা কাটার চেষ্টা করা হচ্ছে। জনস্বার্থে স্থাপিত এই গুরুত্বপূর্ণ অবকাঠামো কোনো অনুমতি ছাড়া কাটার চেষ্টা করা হয়েছে কি না, তা দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
জনগণের সম্পদ ও সড়ক ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় প্রশাসনের কার্যকর পদক্ষেপেরও দাবি জানিয়েছেন স্থানীয়রা।

