মহেশখালী ব্লু গার্ডের উদ্যোগে উপকূলীয় পরিবেশ সংরক্ষণে সচেতনতা ও সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা কার্যক্রম।

Ukhiyacox News
By -


 

কক্সবাজার, প্রতিনিধি: 

উপকূলীয় পরিবেশ সংরক্ষণ, সামুদ্রিক দূষণ হ্রাস এবং স্থানীয় জনগণের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মহেশখালী ব্লু গার্ড দল জুলাই মাসব্যাপী সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা, সামুদ্রিক বর্জ্য পর্যবেক্ষণ এবং জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম সফলভাবে পরিচালনা করেছে। দলের সদস্যরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এসব কার্যক্রম বাস্তবায়ন করে পরিচ্ছন্ন উপকূল গড়ে তোলার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে জনসম্পৃক্ততা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

জুলাই মাসে মহেশখালী ব্লু গার্ড দল মহেশখালীর চরপাড়া মুজিব কিল্লা পূর্ব ও পশ্চিম এলাকায় সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে। অভিযানে প্লাস্টিক, পলিথিন, পানীয়ের প্লাস্টিক বোতল, পরিত্যক্ত ও ছেঁড়া মাছ ধরার জাল, রাবারজাত বর্জ্য, কাঁচের বোতল এবং অন্যান্য কঠিন বর্জ্য সংগ্রহ করা হয়। পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে সংগৃহীত বর্জ্য নির্ধারিত স্থানে সংরক্ষণ করা হয়, যাতে পরবর্তীতে পুনর্ব্যবহার অথবা পরিবেশসম্মত উপায়ে নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করা যায়।

পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি সৈকতে সংগৃহীত সামুদ্রিক বর্জ্যের ধরন, পরিমাণ ও ওজন নির্ধারণ করে একটি নির্ধারিত তথ্য সংগ্রহ ফরমে লিপিবদ্ধ করা হয়। এই তথ্যের মাধ্যমে উপকূলীয় এলাকায় মেরিন লিটারের প্রবণতা বিশ্লেষণ, দূষণের মাত্রা মূল্যায়ন এবং ভবিষ্যতে কার্যকর পরিবেশ ব্যবস্থাপনা পরিকল্পনা গ্রহণের জন্য একটি তথ্যভাণ্ডার গড়ে তোলা হচ্ছে।

এছাড়াও জুলাই মাসে মহেশখালীর গোরকঘাটা সিকদার পাড়া আল-জামিয়া আরাবিয়া কওমি মাদ্রাসায় একটি পরিবেশ সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। সভায় প্লাস্টিক ও পলিথিনের ক্ষতিকর প্রভাব, সমুদ্র সৈকত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার গুরুত্ব এবং প্লাস্টিক দূষণ প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক দায়িত্ব সম্পর্কে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমানো এবং উপকূলীয় পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

মহেশখালী ব্লু গার্ড দলের সদস্যরা জানান, সামুদ্রিক পরিবেশ রক্ষায় স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত সৈকত পরিচ্ছন্নতা, সামুদ্রিক বর্জ্য পর্যবেক্ষণ এবং সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে উপকূলীয় পরিবেশকে আরও পরিচ্ছন্ন, নিরাপদ ও টেকসই রাখা সম্ভব। এ লক্ষ্যেই ভবিষ্যতেও তারা ধারাবাহিকভাবে পরিবেশ সংরক্ষণমূলক কার্যক্রম পরিচালনা করবেন।

উল্লেখ্য, ফিশারিজ লাইভলিহুড এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (FiLEP)-এর আওতায় গঠিত ব্লু গার্ড দলগুলো উপকূলীয় এলাকায় সামুদ্রিক পরিবেশ সংরক্ষণ, মেরিন লিটার পর্যবেক্ষণ, সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা এবং জনসচেতনতা বৃদ্ধিতে নিয়মিত কাজ করে যাচ্ছে। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর অর্থায়নে এবং মৎস্য অধিদপ্তর, কক্সবাজার-এর বাস্তবায়নে পরিচালিত এ প্রকল্প উপকূলীয় মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা, সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ এবং উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবিকা উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !