টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক

Ukhiyacox News
By -


 

নিজস্ব প্রতিনিধি ::

মিয়ানমারের রাখাইন রাজ্যে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে দীর্ঘদিন জিম্মি থাকার পর পালিয়ে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করা মিয়ানমার সরকারি বাহিনীর তিন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের টেকনাফ মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আদালতের নির্দেশে তাদের কক্সবাজারে পাঠানো হয়েছে।

টেকনাফমডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, সোমবার (২০ জুলাই) দুপুর ১২টার দিকে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া সংলগ্ন নাফ নদী সীমান্ত দিয়ে পানির জারের সাহায্যে সাঁতরে বাংলাদেশে প্রবেশ করেন তিনজন। সীমান্তে দায়িত্ব পালনরত টেকনাফ ২ বিজিবির সদস্যরা তাদের আটক করেন।

আটকরা হলেন বেইন ডে টেট (৩৮), ক্যায়াউ নাইং (৩৫) ও থেইন জ (৩৩)। তাদের মধ্যে দু’জন মিয়ানমার পুলিশের সদস্য এবং একজন দেশটির সেনাবাহিনীর সদস্য।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের মিয়ানমার সরকারি বাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিয়ে জানান, প্রায় দুই বছর আগে আরাকান আর্মির হাতে আটক হওয়ার পর থেকে রাখাইনের কাউয়ারবিল ক্যাম্পে জিম্মি ছিলেন। সম্প্রতি সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।

জিজ্ঞাসাবাদ শেষে সোমবার রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে।

ওসি মো. সাইফুল ইসলাম বলেন, আটক তিন জনের বিরুদ্ধে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে পুলিশের প্রিজন ভ্যানে করে তাদের কক্সবাজারের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !