নজরুল ইসলাম টেকনাফ কক্সবাজার :
কক্সবাজারের টেকনাফে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্যোগে আয়োজিত সাংবাদিক কর্মশালা ঘিরে স্থানীয় সাংবাদিকদের মধ্যে বিভাজন ও অসন্তোষ দেখা দিয়েছে। কর্মশালায় অংশগ্রহণকারীদের তালিকা প্রণয়ন ও যাচাই-বাছাই নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বেশ কয়েকজন সিনিয়র সাংবাদিক।
গত ২৬ জুলাই টেকনাফের সেন্ট্রাল রিসোর্টের হলরুমে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে ‘ম্যাস ক্যাম্পেইন টু কমব্যাট হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড পিপল স্মাগলিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উখিয়া-টেকনাফের ৪২ জন সংবাদকর্মী অংশ নেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তবে কর্মশালায় অংশগ্রহণকারীদের তালিকা প্রণয়নকে কেন্দ্র করে শুরু থেকেই স্থানীয় সাংবাদিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয় বলে অভিযোগ উঠেছে। তালিকা প্রস্তুত ও অংশগ্রহণ নিশ্চিত করা নিয়ে সাংবাদিকদের মধ্যে উত্তেজনা এবং হাতাহাতির ঘটনাও ঘটেছে বলে কয়েকজন সাংবাদিক দাবি করেছেন। পরে সিনিয়র সাংবাদিকদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে।
সাংবাদিকদের অভিযোগ, কর্মশালাটি মানবপাচার ও মানুষ পাচার প্রতিরোধের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে হলেও তালিকায় সংবাদপেশার সঙ্গে নিয়মিতভাবে যুক্ত নন—এমন কয়েকজনের নাম অন্তর্ভুক্ত হয়েছে। বিপরীতে টেকনাফে দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন এবং নিয়মিত সংবাদ পরিবেশন করছেন—এমন কয়েকজন সাংবাদিক কর্মশালার আমন্ত্রণ থেকে বাদ পড়েছেন।
এ নিয়ে সাংবাদিক শামসুল আলম শারেক বলেন, তালিকা কারা তৈরি করে ব্র্যাকের কাছে দিয়েছেন সেটি মুখ্য বিষয় নয়। ব্র্যাকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উচিত ছিল তালিকাটি যাচাই-বাছাই করা। তাঁর মতে, যথাযথ যাচাই ছাড়া তালিকা গ্রহণের কারণে সাংবাদিকদের মধ্যে বিভাজনের পরিস্থিতি তৈরি হয়েছে।
সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ বলেন, তিনি কর্মশালাটি সম্পর্কে জানতেন না এবং তাঁকে আমন্ত্রণও জানানো হয়নি। সাংবাদিকদের তালিকা প্রস্তুতের প্রক্রিয়া নিয়েও তিনি প্রশ্ন তোলেন।
অন্যদিকে টেকনাফ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রবীণ সাংবাদিক হাফেজ মুহাম্মদ কাশেম বলেন, তাঁকেও কর্মশালায় আমন্ত্রণ জানানো হয়নি। তিনি বলেন, সাংবাদিকদের নিয়ে কোনো প্রশিক্ষণ বা কর্মশালার আয়োজন করলে নিয়মিত সংবাদ পরিবেশনকারী প্রকৃত সংবাদকর্মীদের সঙ্গে আলোচনা করে তালিকা করা প্রয়োজন। তা না হলে এ ধরনের আয়োজন সাংবাদিকদের বিভাজন হবে।

