বন্যায় বিপর্যস্ত দক্ষিণ-পূর্বাঞ্চল, মৎস্য খাতে ক্ষতি প্রায় ৪০০ কোটি টাকা

Ukhiyacox News
By -


 

নিজস্ব প্রতিবেদক:

কয়েক দিনের ভারি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি জেলা আবারও বন্যার কবলে পড়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, বান্দরবান, মৌলভীবাজারসহ বিভিন্ন জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাত।

মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এবারের বন্যায় শুধু মৎস্য খাতেই ক্ষতির পরিমাণ প্রায় ৪০০ কোটি টাকা। পানির স্রোতে মাছ ও চিংড়ির পোনা ভেসে যাওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন এলাকার মাছের ঘের ও খামার।

কৃষি বিভাগ জানিয়েছে, বন্যায় দেশের ৪৩ জেলায় প্রায় ১ লাখ ১৫ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে প্রায় ৬২ হাজার ৫০০ হেক্টর জমির আউশ ও আমনের বীজতলা পানিতে তলিয়ে গেছে। পাশাপাশি নষ্ট হয়েছে বিভিন্ন সবজি ক্ষেত।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫ লাখের বেশি কৃষক। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী ও যশোরসহ ১৬ জেলায়। এসব এলাকায় প্রায় ১ লাখ ৭ হাজার ৪২৫ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে।

বন্যার পানি কমতে শুরু করলেও কৃষি ও প্রাণিসম্পদ খাতে এর বিরূপ প্রভাব এখনো রয়ে গেছে। অনেক এলাকায় বীজতলা ও সবজি ক্ষেত নষ্ট হয়েছে। ক্ষতির মুখে পড়েছেন গবাদিপশুর খামারিরাও।

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানান, ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি জমিতে নতুন করে বীজতলা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। সেখান থেকে উৎপাদিত চারা ক্ষতিগ্রস্ত কৃষকদের বিনামূল্যে দেওয়া হবে।

সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক বলেন, দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট সব বিভাগের মধ্যে সমন্বয় আরও বাড়াতে হবে। পাশাপাশি অর্থের অপচয় রোধ, আগাম সতর্কতামূলক ব্যবস্থা জোরদার এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্ব দিতে হবে।

আরও ঘনীভূত হতে পারে লঘুচাপ

এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা থাকলেও নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা দেখছে না আবহাওয়া অফিস। এর প্রভাবে বৃষ্টিপাত বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ আফরোজা সুলতানা।

বৃহস্পতিবার সকালে তিনি জানান, জুলাই মাসে সাধারণত বৃষ্টিপাত হলেও সারাদেশে একটানা দুই-তিন দিন বৃষ্টি নাও হতে পারে। বিক্ষিপ্তভাবে বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়ার বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, লঘুচাপের প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে, ঝড়ো হাওয়ার সম্ভাবনা থাকায় কয়েকটি নদীবন্দরেও সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !