আর.জে রাফি, উখিয়া ::
দেশব্যাপী চলমান পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে কক্সবাজারের উখিয়ার কোর্টবাজার এলাকায় ১৪তম পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া।
শুক্রবার দিনব্যাপী পরিচালিত এ অভিযানে সংগঠনটির ৩৭ জন স্বেচ্ছাসেবক অংশ নেন। অভিযানে কোর্টবাজার এলাকার বিভিন্ন স্থান থেকে ২০ টনের বেশি বর্জ্য অপসারণ করা হয়।
অভিযান চলাকালে স্বেচ্ছাসেবকরা বাজারের বিভিন্ন সড়ক, আশপাশের এলাকা ও জনসমাগমস্থল থেকে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে সরিয়ে নেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীদের পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করা হয়।
বিডি ক্লিন উখিয়ার পক্ষ থেকে উখিয়ায় একটি আধুনিক ডাম্পিং স্টেশন স্থাপন, নিয়মিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং নির্ধারিত স্থান ছাড়া যত্রতত্র বর্জ্য না ফেলার আহ্বান জানানো হয়।
সংগঠনটির স্বেচ্ছাসেবকরা বলেন, পরিচ্ছন্ন উখিয়া গড়তে শুধু স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগই যথেষ্ট নয়; এর পাশাপাশি স্থানীয় প্রশাসন, ব্যবসায়ী ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। সবাই সচেতন হলে উখিয়াকে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।

