শহিদুল ইসলাম, কক্সবাজার ::
কক্সবাজার বিমানবন্দরে অভিযান চালিয়ে ৯ হাজার ৮২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ জেসমিন আক্তার নামে এক নারী যাত্রীকে আটক করেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।
বিমানবন্দর সূত্রে জানা যায়, নভোএয়ারের ঢাকা-গামী ফ্লাইট (VQ-922)-এর এক নারী যাত্রী বোর্ডিং পাস সংগ্রহের পর হোল্ড লাগেজ স্ক্যানিংয়ের সময় সন্দেহভাজন হিসেবে শনাক্ত হন। স্ক্যানিং চলাকালে সিভিল এভিয়েশনের নিরাপত্তা কর্মী রাকেশ দে যাত্রীর ল্যাপটপ ব্যাগের দুই পাশের শকপ্রুফ ফোমের ভেতরে বিশেষ কৌশলে সেলাই করে রাখা ইয়াবার চালান দেখতে পান।
পরে ব্যাগটি তল্লাশি করে মোট ৯ হাজার ৮২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই ওই নারী যাত্রীকে আটক করা হয়।
আটক জেসমিন আক্তার চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট এলাকার চাঁদপুর শ্বেতছড়া গ্রামের বাসিন্দা। তার পিতা মৃত হারুন মিয়া এবং মাতা মৃত শাহেনা আক্তার।
উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

